সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব মিয়া উপজেলার কার্তিপুর গ্রামের সায়েদ মিয়ার ছেলে। এই মামলার অন্য দুই আসামি হলেন একই গ্রামের আজিজুর মিয়া ও মারুফ মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার সহযোগীরা ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। অপহরণের পর রাকিব ওই শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন তার বাবা। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত শাল্লা থানাকে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেন। মামলার পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং এর প্রধান আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।