ধর্মপাশা উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নের রায়পুর গ্রামের হাওরে সোমবার দুপুরে আবারও গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। হাওরের মাঝামাঝি এলাকায় হঠাৎ পানির নিচ থেকে শব্দ শোনা যাওয়ার পর কাদামাটি ও পানির মিশ্রণে তৈরি একটি বড় স্তম্ভ উপরের দিকে উঠে আসতে দেখা যায়, যা কয়েক মিনিট ধরে স্থায়ী ছিল।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলের পানির রং দ্রুত পরিবর্তিত হয়ে ঘোলা হয়ে পড়ে এবং নির্গত কাদামাটি আশপাশের পানিতে ছড়িয়ে যায়। এর আগেও একই স্থানে এ ধরনের দৃশ্য দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানান, ফলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
স্থানীয়দের ধারণা, হাওরের তলদেশে জমে থাকা প্রাকৃতিক গ্যাসের চাপের কারণে এ ধরনের নির্গমন ঘটতে পারে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা জনাব আব্দুল আউয়াল বলেন, একই স্থানে পূর্বেও এমন দৃশ্য দেখা গেছে এবং সোমবার দুপুরে আবারও একই ধরনের গ্যাস নির্গমন লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

