মুহা. রফিকুল ইসলাম হাদী, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে তরুণ সমাজকে দ্বীনি ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী দাওয়াহ সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২ জুন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন।
আয়োজক সংগঠন কনশাস ইয়াং সোসাইটি জানিয়েছে, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে নৈতিকতা, দ্বীনি মূল্যবোধ ও সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি তরুণদের করণীয়, আদর্শ জীবন গঠন এবং কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
দাওয়াহ সেমিনারের পাশাপাশি অনুষ্ঠিত হবে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে তরুণদের অংশগ্রহণে পরিবেশিত হবে বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক পরিবেশনা। আয়োজকরা আশা করছেন, এতে সুনামগঞ্জসহ আশপাশের এলাকার আলেম-উলামা, সুধীজন ও তরুণ সমাজের ব্যাপক উপস্থিতি থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ রফিকুল ইসলাম হাদী, প্রচার সম্পাদক, কনশাস ইয়াং সোসাইটি। তিনি জানান, এ আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে দ্বীনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
আয়োজকরা সকলকে উক্ত দাওয়াহ সেমিনার ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।

